ঠাকুরগাঁও প্রতিনিধি,দৈনিক প্রান্তিক।
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর বলে জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা।
সকালে বেগুনবাড়ি ইউনিয়নের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। ভোট প্রদান শেষে তিনি বলেন, ভোটের পরিবেশ সুন্দর রয়েছে। ভোটগ্রহণে কোনো অনিয়ম হচ্ছে না। তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী।
অন্যদিকে, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ভোট প্রদান শেষে বলেন, কেবল ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর রয়েছে। তিনি বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা আসমা বেগম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বলেও জানান তিনি।
আবুল হোসেন নামের আরেক ভোটার বলেন, জেলার উন্নয়নের কথা বিবেচনা করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তাঁর ভাষ্য, ভোটের পরিবেশ ভালো এবং কোনো অনিয়ম চোখে পড়েনি।
ভোটার নাবিল হোসেন বলেন, জাতীয় নির্বাচনে এবারসহ দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। ভোটের পরিবেশ বেশ সুন্দর। ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়বে বলে আশা করছেন তিনি।
ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।
গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমিন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি,দৈনিক প্রান্তিক। 






















