শাকিলকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ; ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ২৭ অক্টোবর ২০২৬
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে গুরুদাসপুরে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল ইসলাম। পথে নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেটপরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলে করে তাঁর পিছু নেয় ওই দুই যুবক।
একপর্যায়ে শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাঁকে ধরে ফেলে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাঁরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
এ ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | ২৭ অক্টোবর ২০২৬ 




















