বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জেএস (ভোকেশনাল) ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষা-২০২৬-এর অনলাইন ফরম পূরণ শুরু হবে আগামী ৩০ আগস্ট। ফরম পূরণের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। পরীক্ষার্থীপ্রতি ফরম পূরণ ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
কারিগরি শিক্ষা বোর্ডের সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃত্তি পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার্থীপ্রতি ৬০০ টাকার মধ্যে বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা।
এ বৃত্তি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুসৃত প্রশ্ন কাঠামো ও সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
শুধু নিয়মিত ও রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নীতিমালা অনুযায়ী অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশকে চূড়ান্ত পরীক্ষার্থী হিসেবে নির্বাচন করে তাদের ফি সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।
বোর্ড জানিয়েছে, সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার ক্ষেত্রে Payment Slip প্রিন্ট করার তারিখ এবং ব্যাংকে ফি জমা দেওয়ার তারিখ একই হতে হবে। নির্ধারিত সময়ের পর ফরম পূরণের কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রবেশপত্র পাওয়ার পর প্রতি এক ঘণ্টা পরীক্ষার জন্য ১০ মিনিট হারে অতিরিক্ত সময় দেওয়ার অনুমতিপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে শ্রুতিলেখকের অনুমতিপত্র বোর্ডের ভোকেশনাল শাখা থেকে সংগ্রহ করতে হবে।
পরীক্ষা শেষে উত্তরপত্র সংরক্ষণ ও পাঠানোর ক্ষেত্রেও কেন্দ্রগুলোকে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। প্রতিদিনের পরীক্ষা শেষে মূল উত্তরপত্র ও Top Litho অংশ আলাদাভাবে নির্ধারিত পদ্ধতিতে বান্ডেল করে সিলগালা করা এবং কেন্দ্র কোড ও তারিখসহ বোর্ডের নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
এ ছাড়া প্রতিদিনের অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তথ্য পরীক্ষার দিন অনলাইনে এন্ট্রি করতে হবে। এ সংক্রান্ত কোনো তথ্য ই-মেইল বা ফোনে বোর্ডে পাঠাতে হবে না।
রোলের ক্রমানুসারে সাজানো হাজিরা শিট, শিরোনামপত্র ও অনুপস্থিত পরীক্ষার্থীর তালিকার হার্ড কপি পরীক্ষা শেষ হওয়ার তিন দিনের মধ্যে বোর্ডের ভোকেশনাল শাখায় সরাসরি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেএস (ভোকেশনাল) ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণ স্থগিত করা কিংবা ফরম পূরণের সময়সীমা কমানো বা বাড়ানোর ক্ষমতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
মোঃ রওশন আলী- বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রান্তিক। 


















