কুড়িগ্রাম প্রতিনিধি-দৈনিক প্রান্তিক।
গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল (বুধবার) কুড়িগ্রামে অনুষ্ঠিত হবে ‘জুলাই পদযাত্রা’। এ কর্মসূচিতে অংশ নিতে দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতারা কুড়িগ্রাম সফর করবেন। দেশজুড়ে ৬৪ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে এ পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচির লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ করা, গণঅংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের দাবি জোরালো করা এবং দেশ গঠনের অঙ্গীকারকে আরও সুসংহত করা।
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, আগামীকাল বিকেল ৩টায় কুড়িগ্রামে পৌঁছাবেন দলের কেন্দ্রীয় নেতারা। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, এমপি।
তিনি জানান, পদযাত্রাটি কুড়িগ্রাম কলেজ মোড়ের জুলাই চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এক পথসভায় মিলিত হবে। সেখানে কেন্দ্রীয় নেতারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন।
জেলা এনসিপির নেতারা জানান, কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। মাইকিং, ব্যানার-ফেস্টুন, মোটরসাইকেল শোভাযাত্রা, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, যুব শক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
কুড়িগ্রাম প্রতিনিধি-দৈনিক প্রান্তিক। 





















