ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র তাৎক্ষণিকভাবে গ্রহণ করেন এবং একই সঙ্গে প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেন। সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রহ্লাদ জোশী বর্তমানে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয় এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের ফলে তিনি বিদ্যমান মন্ত্রণালয়গুলোর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমও তদারকি করবেন।
মেডিকেল ভর্তি পরীক্ষা (এনইইটি) প্রশ্নফাঁস ও পরীক্ষা-ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতজুড়ে ব্যাপক ছাত্র-আন্দোলন গড়ে ওঠে। ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’-এর নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলন দ্রুত জাতীয় রূপ নেয় এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা পদ্ধতির সংস্কার, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার ও জবাবদিহির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের প্রেক্ষাপটে সরকার প্রশ্নফাঁসের ঘটনায় সংস্কার ও পুনঃপরীক্ষাসহ বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দেয়। একই সময়ে পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করে।
পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিকে কোনো ‘দেশবিরোধী শক্তি’ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন দীর্ঘ আইনি জটিলতায় বাধাগ্রস্ত না হয়—এসব বিবেচনায় তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের আন্দোলনের পরিবর্তে পড়াশোনা, দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে মনোনিবেশ করার আহ্বানও জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষামন্ত্রী পরিবর্তনের মাধ্যমে মোদি সরকার চলমান শিক্ষা সংকট মোকাবিলা, জনআস্থা পুনরুদ্ধার এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তবে আন্দোলনের নেতারা জানিয়েছেন, ঘোষিত সংস্কার বাস্তবায়নের ওপরই সরকারের প্রতি জনআস্থা নির্ভর করবে।
সূত্র: প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স।
আস্তর্জাতিক ডেক্স -দৈনিক প্রান্তিক। 























