গাজীপুর সদর প্রতিনিধি,দৈনিক প্রান্তিক।
গাজীপুরের নয়াপাড়া এলাকায় ‘চাকুরীর অধিকার আদায় সংগঠন’-এর উদ্যোগে এক বিশেষ স্বেচ্ছাসেবী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই ২০২৬, শুক্রবার বিকেলে স্থানীয় একটি উন্মুক্ত মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং চাকরিপ্রত্যাশীদের অধিকার আদায়ে মাঠে থেকে কাজ করা একঝাঁক তরুণ ও স্বেচ্ছাসেবীকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও নয়াপাড়া ও এর আশপাশের এলাকার তরুণ সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গাজীপুর বাসীর চাকরির অধিকার আদায় আন্দোলন এর প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নয়াপাড়া গ্র্যাজুয়েট ফোরামের সভাপতি নাজমুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ,দৈনিক প্রান্তিকের সম্পাদক আলফাজ,গাজীপুর বাসীর চাকরির অধিকার আদায় আন্দোলন এর মুহাইমিনুল ইসলাম ও শ্রীপুর শাখা সমন্বয়কারী জাহিদুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে বক্তারা গাজীপুর শিল্পাঞ্চলের স্থানীয় যুবসমাজের কর্মসংস্থানের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। মেধার ভিত্তিতে এবং কোনো প্রকার ঘুষ-দুর্নীতি ছাড়া সাধারণ চাকরিপ্রত্যাশীরা যাতে সহজে কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, সেই লক্ষ্য নিয়ে এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। বক্তারা উল্লেখ করেন, তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং সঠিক কর্মসংস্থানের তথ্য তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই নিঃস্বার্থ পরিশ্রমকে উৎসাহিত করতেই মূলত এই সংবর্ধনা পর্বের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে সংগঠনের স্থানীয় সমন্বয়ক বলেন, নয়াপাড়া ও এর আশপাশের এলাকার যুবসমাজকে স্বাবলম্বী করতে এবং তাদের আইনি ও সামাজিক অধিকার সম্পর্কে সচেতন করতে এই সংগঠন আগামীতেও কাজ করে যাবে। সংবর্ধনা পর্বের শেষ অংশে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সমাজসেবা ও যুব উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। সম্মাননা পেয়ে তরুণ স্বেচ্ছাসেবীরা আগামীতে আরও বড় পরিসরে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গাজীপুর সদর প্রতিনিধি,দৈনিক প্রান্তিক। 





















