গাজীপুর প্রতিনিধি: দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদ এবং বনভূমি জবরদখলের অভিযোগে অভিযুক্ত স্থানীয় যুবদল নেতা আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাস স্ট্যান্ড এলাকায় পৃথক ব্যানারে দুটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। একটি আয়োজন করে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব এবং অন্যটি গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের একটি সম্মিলিত ব্যানার।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসীম উদ্দীন। এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহবুব হোসেন, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক মিলন শেখ, প্রতিষ্ঠাতা সদস্য লাভলু মিয়া, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, আবু জাফর, রতন হোসেন, মোসলেউদ্দিন খান বাবুলসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
অন্যদিকে গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন গাজীপুর সাংবাদিক পরিষদ-এর সভাপতি মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, আজিজ মিয়া রুবেল, ইব্রাহিম সরকার, আজহারুল ইসলাম সজল, সাইফুল ইসলাম শুভ, আলমগীর ইসলাম, ওবাইদুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকও এতে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত যুবদল নেতা আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান তারা।
বনভূমি জবরদখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পুনরায় দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জহিরুল ইসলাম- উপসম্পাদক,দৈনিক প্রান্তিক। 





















