প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল কালকিনির রোশনী
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার ৯৫ নম্বর কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আসফিয়া জাহান রোশনী জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান-২০২৬ ও শিক্ষা মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এ সুযোগ পায় সে।
গত ১৫ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সেখানে কালকিনির রোশনীর উপস্থিতি বিদ্যালয় ও স্থানীয় শিক্ষা মহলে প্রশংসা কুড়িয়েছে।
রোশনীর এ অর্জনে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো বিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়। রোশনীর এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আসফিয়া জাহান রোশনীর বাবা রাশেদুজ্জামান (রাহাত) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট। তাদের বাড়ি কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বদরদী গ্রামে।
রোশনীর এই অর্জনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমাতুজ জোহরা বকুলসহ কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
মাদারীপুর প্রতিনিধি 






















