পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার-দৈনিক প্রান্তিক।
ঢাকা, ২২ জুলাই: দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্পখাতের দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
বৈঠকে বিজিএমইএর নেতারা তৈরি পোশাক শিল্পের বিদ্যমান বিভিন্ন সমস্যা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তারা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, কাস্টমস বন্ড অডিট সহজীকরণ, বিমানবন্দরের কার্গো সক্ষমতা বৃদ্ধি, লজিস্টিকস উন্নয়ন এবং রপ্তানি কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসনের দাবিও জানান।
প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, সরকার ইতোমধ্যে এসব সমস্যার সমাধানে কাজ শুরু করেছে। তিনি উল্লেখ করেন, অনেক সমস্যা দীর্ঘদিনের পুঞ্জীভূত হলেও যেগুলোর সমাধান দ্রুত সম্ভব, সেগুলোতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “এই শিল্পের বিকাশে যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করবে। জনগণের সমস্যা যেমন আমাদের দায়িত্ব, তেমনি ব্যবসায়ীদের সমস্যার সমাধান করাও সরকারের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে। ব্যবসা-বাণিজ্যের প্রসারে এ বছরের বাজেটও বিনিয়োগবান্ধবভাবে প্রণয়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী, যাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়।
বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং বিজিএমইএর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার-দৈনিক প্রান্তিক। 






















