ঢাকা প্রতিনিধি-দৈনিক প্রান্তিক।
প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালু করছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা ভারতের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। জানা গেছে, পর্যায়ক্রমে নির্ধারিত কয়েকটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তাজনিত ও কূটনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। তবে এর মধ্যে জরুরি প্রয়োজনের ভিত্তিতে মেডিকেল ও সীমিত কিছু ক্যাটাগরির ভিসা চালু ছিল।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের সহকারী হাইকমিশনার (সিলেট) অনিরুদ্ধ দাস জানিয়েছিলেন, মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা সীমিত রয়েছে। তিনি আশা প্রকাশ করেছিলেন, ধাপে ধাপে সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে ফিরবে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার সিদ্ধান্ত দুই দেশের জনগণের যোগাযোগ, পর্যটন, ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে সহায়ক হতে পারে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও এটি একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চলতি জুন মাসে ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভারতের সাবেক রেলমন্ত্রী ও রাজনীতিক; তার নিয়োগকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে কূটনৈতিক মহল।
ঢাকা প্রতিনিধি-দৈনিক প্রান্তিক। 















