রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দলটি। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ধানমন্ডিতে সাংবাদিকের ওপর সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জামায়াতের কোনো পর্যায়ের জনশক্তি জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তা শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির পর সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনায় সাংবাদিক মাহফুজুর রহমান শিশির আহত হন।
এদিকে মহানগরী নেতৃবৃন্দের নির্দেশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজখবর নিতে যান। এ সময় তিনি সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানান।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে দায়ীদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে দলীয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ প্রতিনিধি -দৈনিক প্রান্তিক। 

























