আন্তর্জাতিক ডেক্স -প্রান্তিক।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা পিছিয়ে দিয়েছে তেহরান কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে জানানো হয়েছে, পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করে জানাজার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে মহররম মাসের দ্বিতীয় দশকের মধ্যে।
তেহরান সিটি প্রশাসনের মেয়র আলিরেজা জাকানি জানিয়েছেন, আগে সিদ্ধান্ত ছিল মহররম মাসের প্রথম দশকের মধ্যেই রাষ্ট্রীয় মর্যাদায় এই জানাজা ও শেষকৃত্য সম্পন্ন করা হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয় দশকের সময়সীমায়, অর্থাৎ জুনের শেষ ভাগ থেকে জুলাইয়ের শুরুর মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে।
সরকারি সূত্র জানায়, বিশাল জনসমাগম, নিরাপত্তা প্রস্তুতি এবং রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের ব্যাপক আয়োজনকে সামনে রেখে সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথি ও লাখো মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে অধিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে।
ইরানের ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত খামেনির মৃত্যু দেশটির রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। তাঁর জানাজাকে কেন্দ্র করে ইতোমধ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে নতুন সময়সূচি ঘোষণার পর দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, এই জানাজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ইরানের রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজন হিসেবেও বিবেচিত হচ্ছে।
রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত দিনক্ষণ ও বিস্তারিত কর্মসূচি পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক ডেক্স -প্রান্তিক। 


















