মোহাম্মদপুর ছিনতাইয়ে দ্রুত ব্যবস্থা, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
রাজধানীর মোহাম্মদপুরে এক নারীর ছিনতাইয়ের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, কোনো অপরাধীই আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে নয় এবং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয়। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “কোনো ঘটনার অপরাধীই অধরা নেই। অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের কর্মসূচি বা তৎপরতার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি যাতে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।
তিনি বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেনজীর আহমেদকে ফেরাতে প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যর্পণ সংক্রান্ত চিঠি পাওয়ার পর সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যেই পাঠানো হয়েছে। দুবাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিন দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ই-মেইলে পাঠানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
‘দ্রুতগতিতে কাজ করছে সরকার’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুতগতিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, “আগের যেকোনো সরকারের তুলনায় আমরা যে গতিতে কাজ করছি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে।”
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।
নিজস্ব প্রতিবেদক-দৈনিক প্রান্তিক। 






















