ময়মনসিংহ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় মৃতপ্রায় ধরার খাল (বৈলর খাল) পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। দীর্ঘ ৪৭ বছর পর ঐতিহাসিক এ খাল পুনরায় খননের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে পৌঁছে প্রধানমন্ত্রী ঝড়-বৃষ্টির মধ্যেই কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমে তিনি খালের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে পুনর্খনন কাজের সূচনা করেন। এ সময় তিনি খালের পাশে একটি তালগাছের চারাও রোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
স্থানীয় সূত্র জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন। সে সময় দেশব্যাপী স্বনির্ভর খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ত্রিশালের এ খাল খনন করা হয়। পরবর্তীতে দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটি প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছে যায়।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই ত্রিশালে উৎসবের আমেজ দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মী, স্থানীয় কৃষক, নারী ও সাধারণ মানুষ খালের পাড়ে জড়ো হন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় শিশুরাও প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে ভিড় করে।
গাছ রোপণ ও খননস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী খালের পাশে স্থাপিত মঞ্চে স্থানীয় জনতার উদ্দেশে বক্তব্য দেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনে যোগ দেন।
ময়মনসিংহ প্রতিনিধিঃ 























