টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল
প্রান্তিক প্রতিবেদন
দায়িত্ব গ্রহণের পর আগামীকাল বুধবার গাজীপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে গাজীপুর মহানগরী, বিশেষ করে টঙ্গী ও গাছা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পকে দেশের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার জানিয়েছেন, আগামীকাল দুপুর ২টায় প্রধানমন্ত্রী ইনস্টিটিউটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর আগে সকালে তিনি সফিপুর আনসার একাডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেবেন। পরে গাছা হয়ে টঙ্গীর ধরপাড়া এলাকায় পৌঁছাবেন।
সরকারি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই ইনস্টিটিউটকে শুধু প্রশিক্ষণকেন্দ্র নয়, বরং একটি আন্তর্জাতিক মানের দুর্যোগ গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, নগর দুর্যোগ এবং শিল্পাঞ্চলভিত্তিক বিপদ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরি ও আধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনাই এর মূল লক্ষ্য।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি। এছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টঙ্গী, গাছা, গাজীপুরা, সাতাইশ ও খরতৈলসহ আশপাশের এলাকায় রাস্তা সংস্কার, ড্রেনেজ উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অবকাঠামো উন্নয়ন দ্রুত সম্পন্ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আলোকসজ্জা, তোরণ নির্মাণ এবং সৌন্দর্যবর্ধনের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিল্পনগরী গাজীপুরে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক ও উন্নয়ন উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন বিষয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বার্তা এই সফরের মাধ্যমে উঠে আসতে পারে।স্থানীয় নেতাকর্মীরাও সফরকে ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। টঙ্গী ও গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় স্বাগত মিছিল, ব্যানার ও প্রচারণা চলছে।
সব মিলিয়ে আগামীকালের এই সফরকে ঘিরে টঙ্গী ও গাজীপুরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের প্রত্যাশা—জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বাস্তবায়িত হলে এটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে।
প্রান্তিক প্রতিবেদন 






















