নতুন করে করোনা সক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার যে বিধিনিষেধ জারি করেছে তাকে অযৌক্তিক দাবি করে বিএনপি বলছে এটা বিরোধী দলের চলমান প্রতিবাদ-প্রতিরোধ আন্দোলনকে বাধাগ্রস্ত ও দমন করার জন্য করা হয়েছে। আজ শুক্রবার (১৪জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নজরুল ইসলাম খান। এসময় আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আামির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।
লিখিত বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ বিশেষজ্ঞ মহল যখন বলছেন উম্মুক্ত স্থানের চেয়ে বদ্ধ স্থানে কোভিড বেশি ছড়ায় তখন বাংলাদেশ সরকার ১১ দফা নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে উম্মুক্ত স্থানে জনসমাগম নিষিদ্ধ করে বদ্ধ স্থানে তা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। এই অযৌক্তিক সরকারি সিদ্ধান্ত অবশ্যই কোভিডের সংক্রমণ রোধের লক্ষ্যে নেওয়া হয়নি। বিরোধী দলের চলমান প্রতিবাদ-প্রতিরোধ আন্দোলনকে দমন করতেই করা হয়েছে।
Reporter Name 






















