নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রান্তিক।ঢাকা | ২৫ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন। রায়ের সময় বিদিশা আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলাটি রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে দায়ের করা হয়। ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন। মামলার অভিযোগ অনুযায়ী, ফ্ল্যাট বিক্রির জন্য তাঁর সঙ্গে ৮০ লাখ টাকার চুক্তি হয়। পরে ৭৫ লাখ টাকা পরিশোধ করা হলেও চুক্তি অনুযায়ী ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
মামলার রায়ের পর বিদিশা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি মামলাটি সম্পর্কে অবগত নন এবং কোনো সমনও পাননি। তিনি মামলাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেন এবং আদালতে গিয়ে জামিন নেওয়ার কথা জানিয়েছিলেন।
মঙ্গলবার রাতে সেই মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রান্তিক।ঢাকা | ২৫ আগস্ট ২০২৬ 

















