মোঃ রওশন আলী,বিশেষ প্রতিবেদক-দৈনিক প্রান্তিক।
পাবনা শহরের ইস্কন মন্দিরে প্রবেশ করে প্রতিমা ও বিভিন্ন স্থাপনা ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস (২৫) নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষার্থীকে আটক করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে।
প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মণ্ডলের ছেলে।
মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মন্দির খোলার পর প্রান্থ সেখানে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি মন্দিরের বিভিন্ন স্থাপনা ও প্রতিমা ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে মন্দিরের লোকজন তাকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রান্থ মানসিক সমস্যায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মন্দিরে প্রবেশের পর তার আচরণে অস্বাভাবিকতা দেখা যায় এবং একপর্যায়ে তিনি ভাঙচুর শুরু করেন বলে জানান তিনি। পুলিশ তাকে হেফাজতে নেওয়ার পর এ ঘটনায় মামলা করা হয় এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনায় মন্দিরের স্থাপনা ও প্রতিমা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগের পাশাপাশি শিক্ষার্থীকে আটকের পর মারধরের বিষয়টিও উঠে এসেছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে।
মোঃ রওশন আলী,বিশেষ প্রতিবেদক-দৈনিক প্রান্তিক। 













