ঢাকা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার (২৪ আগস্ট) ট্রাইব্যুনালের দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে উসকানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, ওই সময় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বক্তব্য, টকশো এবং অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যও তদন্তের আওতায় রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকার’, ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে মন্তব্য করেছিলেন। প্রসিকিউশনের দাবি, এসব বক্তব্য ও প্ররোচনার ধারাবাহিকতায় জুলাই মাসে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।
এর আগে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিন সাংবাদিককে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন। সেই আদেশের ভিত্তিতে সোমবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে রাষ্ট্রপক্ষ তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চায়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে তিন সাংবাদিককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।
নিজস্ব সংবাদদাতা-দৈনিক প্রান্তিক। 



















