মোঃ রওশন আলী – বিশেষ প্রতিনিধি,প্রান্তিক।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মেধাবী শিক্ষার্থী মনিরুল ইসলামকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং ঘাতক রাকিবের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সাঁথিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার পাবনায় নিহত হওয়ার পর থেকে পুরো সাঁথিয়া এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে। তারই ধারাবাহিকতায় আজ স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিচার চেয়ে রাস্তায় নেমে আসেন।
আজ সাঁথিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। পরে স্থানীয় চৌরাস্তায় এক মানববন্ধনে মিলিত হন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “মনিরুলের খুনি রাকিবের ফাঁসি চাই” সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীকে এভাবে দিনের আলোয় ছুরিকাঘাতে হত্যা করা মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ঘাতক রাকিবের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
হত্যাকাণ্ডের পেছনের ঘটনা
উল্লেখ্য, গত সোমবার (৮ জুন) বিকেলে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে পূর্ববিরোধের জেরে রাকিব নামের এক তরুণের সঙ্গে কথা-কাটাকাটি হয় সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী মনিরুল ইসলামের। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে মনিরুলকে উপুর্যপরি ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে মনিরুলের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর স্থানীয় জনতা ঘাতক রাকিবকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
নিহত মনিরুল ইসলাম পাবনার সাঁথিয়া উপজেলার শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামের মুন্নাফ আলীর ছেলে। অকালে এমন এক মেধাবী সন্তানকে হারিয়ে মনিরুলের পরিবার ও আত্মীয়-স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
ইতোমধ্যে পুলিশ ঘাতক রাকিবকে জিজ্ঞাসাবাদের আওতায় এনেছে। আজকের এই বিক্ষোভ ও মানববন্ধন থেকে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দাখিল করে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জোরালো আবেদন জানিয়েছেন।
নিহত মনিরুল ইসলামের মা–বাবা ও ভাই ন্যায়বিচারের আশায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান শোকাহত পরিবার।
স্থানীয়রা আশা করছেন, সরকার ও প্রশাসন অতি দ্রুত খুনি রাকিবের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন নির্মম পরিণতি ভোগ করতে না হয়।
মোঃ রওশন আলী - বিশেষ প্রতিনিধি,প্রান্তিক। 


















