বিশেষ প্রতিনিধি- প্রান্তিক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ-কে পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
মামলাটি করেন তুরিন আফরোজের ভাই শাহ নেওয়াজ আহাম্মদ। মামলার অভিযোগে বলা হয়েছে, রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত পারিবারিক সম্পত্তির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের বাবা মৃত্যুবরণ করার পর অভিযুক্ত তুরিন আফরোজ জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া হলফনামা তৈরি করে সম্পত্তির মালিকানা দাবি করেন এবং প্রভাব খাটিয়ে সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন।
অভিযোগে আরও বলা হয়, তুরিন আফরোজ জোরপূর্বক বাদীর মায়ের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র ও নথি নিয়ে যান। একইসঙ্গে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
আদালত সূত্র জানায়, মামলাটি ২০২৪ সালের ১২ ডিসেম্বর দায়ের করা হয়। পরে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে পিবিআই পরিদর্শক মমিনুল ইসলাম আদালতে প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই বাদীপক্ষ আদালতে তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল মাহমুদ রায়হান সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালতে ‘শোন অ্যারেস্ট’ আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২০২৫ সালে রাজধানীর ভাটারা ও মিরপুর থানার পৃথক মামলাতেও তাকে আদালতের নির্দেশে গ্রেপ্তার দেখানো হয়।
বিশেষ প্রতিনিধি- প্রান্তিক 



















