মোঃ রওশন আলী, বিশেষ প্রতিনিধি-দৈনিক প্রান্তিক।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বালিকা বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার (২০ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জয় করে রাজশাহী বিভাগের প্রতিনিধিত্বকারী জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ক্ষুদে ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের ফুটবলকে বিশ্বমঞ্চে এগিয়ে নিতে বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। এছাড়াও শিক্ষা ও ক্রীড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে জোড়গাছা ইউনাইটেডের খেলোয়াড়রা। নির্ধারিত সময়ে চার গোল করে তারা শিরোপা নিশ্চিত করে। প্রতিপক্ষ আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই গোল শোধ দিলেও ব্যবধান কমাতে পারেনি।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন জানান , গত ৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টটি অংশগ্রহণকারীর সংখ্যার দিক থেকে বিশ্বের অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। সারাদেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রীসহ মোট ২২ লাখেরও বেশি শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে দেশসেরা চারটি দল জাতীয় পর্যায়ের ফাইনালে খেলার সুযোগ পায়।
জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঐতিহাসিক সাফল্যে সাঁথিয়াসহ পাবনা জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদীরা চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, এই সাফল্য ভবিষ্যতে এলাকার আরও শিক্ষার্থীকে খেলাধুলায় উৎসাহিত করবে।
মোঃ রওশন আলী, বিশেষ প্রতিনিধি-দৈনিক প্রান্তিক। 





















