টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপার আরও একধাপ কাছে পৌঁছে গেছে পিটার বাটলারের শিষ্যরা। নাটকীয় এই জয়ে বাংলাদেশের হয়ে গোল করেন ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। তাদের দ্রুতগতির আক্রমণে বেশ কয়েকবার চাপে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। সেই চাপের ফলও পেয়ে যায় স্বাগতিকরা। ২৩তম মিনিটে দীপা শাহির কর্নার থেকে পাওয়া বল গীতা রানির পায়ে গেলে নিখুঁত ফিনিশিংয়ে নেপালকে এগিয়ে দেন তিনি।
গোল হজমের পর সমতায় ফেরার সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে লাল-সবুজের প্রতিনিধিরা। ৩৬তম মিনিটে প্রীতি রাইয়ের দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসায় বড় বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। গোলরক্ষক মিলি আক্তারের হালকা স্পর্শও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচে ফেরার জাদুকরী মুহূর্ত এনে দেন ঋতুপর্ণা চাকমা। কর্নার কিক থেকে তাঁর সরাসরি নেওয়া দুর্দান্ত শট নেপালের জালে জড়িয়ে গেলে ১-১ সমতায় বিরতিতে যায় বাংলাদেশ। ঋতুপর্ণার সেই গোল মুহূর্তেই বদলে দেয় ম্যাচের আবহ।
দ্বিতীয়ার্ধে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণে জমিয়ে তোলে লড়াই। নেপাল আবারও পোস্টে বল মেরে সুযোগ হারায়। অন্যদিকে বাংলাদেশের সাগরিকার জোরালো শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন নেপালের গোলরক্ষক সুব্বা।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে বাংলাদেশের জয়সূচক গোল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডান প্রান্ত থেকে শামসুন্নাহার জুনিয়রের বাড়ানো নিখুঁত পাস ধরে সাগরিকা বল জড়িয়ে দেন নেপালের জালে। আর তাতেই ২-১ ব্যবধানে নিশ্চিত হয় বাংলাদেশের রোমাঞ্চকর জয়।
এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। উল্লেখযোগ্যভাবে, আগের দুই আসরেও নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলার মেয়েরা। এবারও তাদের সামনে হাতছানি দিচ্ছে টানা তৃতীয় সাফ শিরোপা।
ক্রিড়া প্রতিবেদক- 














