ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ
প্রান্তিক প্রতিবেদনঃ
ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকালে তিনি সড়কপথে রাজধানী ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানে অবস্থিত বাসভবন থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে বের হওয়ার পথে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। এ সময় বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ও কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধনে অংশ নেবেন তিনি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, খাল পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়িত হলে নৌযান চলাচল, সেচব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফরসূচি অনুযায়ী, দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। পরে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদক-প্রান্তিক 






















