৪ হাজার ৬৮ কোটি টাকার বন্দর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা চুক্তি
নিজস্ব প্রতিবেদক | ৫ নভেম্বর ২০২৬
একদিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মোংলা বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে রাজধানীর পুরোনো তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে মোংলা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকল্পটির আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ, কনটেইনার ওঠানো-নামানোর অবকাঠামো এবং পণ্য পরিবহনে প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরের পণ্য ও কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ইউএনবির প্রতিবেদন অনুযায়ী, একই সফরে ইনভেস্ট বাংলাদেশ ও চীনা প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, সবুজ অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
খান জাহান আলীর মাজার জিয়ারত
মোংলা বন্দরের নির্ধারিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাট সদর উপজেলায় হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
এরপর সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
প্রধানমন্ত্রীর সফরসূচির পরবর্তী কর্মসূচি খুলনা জেলা স্টেডিয়ামে। বিকেল ৩টায় সেখানে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য দেশের তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ের জন্য দক্ষ খেলোয়াড় তৈরি করা।
নির্ধারিত কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদক | ৫ নভেম্বর ২০২৬ 














