মোঃ রওশন আলী,বিশেষ প্রতিনিধি-দৈনিক প্রান্তিক।
পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে শরিফুল ইসলাম শরিফ গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে নিজ বাড়ি জয়নগরের উদ্দেশ্যে প্রাইভেটকার চালিয়ে ফিরছিলেন শরিফুল ইসলাম শরিফ। জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়িকে লক্ষ্য করে গুলির শব্দ শোনা যায়। একপর্যায়ে গাড়িটি থামলে হামলাকারীরা শরিফকে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
হামলায় শরিফুলের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী পাঠানো হয়।
ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদ (জাসাস)-এর সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, শরিফুল ইসলাম শরিফের ওপর হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
News Title :
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক
-
মোঃ রওশন আলী,বিশেষ প্রতিনিধি-দৈনিক প্রান্তিক। - Update Time : ১১:১৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- ৬৩ Time View
Tag :
Popular Post

















