ঢাকা, ১৫ জুন : প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক সূত্র জানায়, রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডা. জাহেদ উর রহমানকে প্রবেশের অনুমতি দেয়নি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ঢাকায় উদ্বেগ সৃষ্টি হলে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে ব্যাখ্যা চায়।
ডা. জাহেদ উর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল। এ উপলক্ষে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্রের মাধ্যমে তার সফর ও বৈঠকে অংশগ্রহণের বিষয়টি অবহিত করেছিল।
কূটনৈতিক সূত্রগুলোর দাবি, প্রয়োজনীয় আগাম অবহিতকরণ থাকা সত্ত্বেও বিমানবন্দরে তাকে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা হয় এবং প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে উচ্চপর্যায়ের হস্তক্ষেপের পর ভারতীয় কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দিতে সম্মত হলেও ডা. জাহেদ উর রহমান দিল্লিতে অবস্থান না করার সিদ্ধান্ত নেন। তিনি কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন।
সোমবার দুপুরে তিনি ঢাকায় পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, একটি রাষ্ট্রীয় প্রতিনিধিদলের প্রধান হিসেবে সফরে যাওয়া একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে এমন আচরণ কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, ডা. জাহেদ উর রহমান সাধারণ (সবুজ) পাসপোর্টে ভ্রমণ করছিলেন এবং তার ভিসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপত্তি ওঠে। তবে বাংলাদেশি কূটনৈতিক সূত্রগুলো এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয় এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সাম্প্রতিক মাসগুলোতে ঢাকা-দিল্লি সম্পর্কের বিভিন্ন ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঘটনাটি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক-দৈনিক প্রান্তিক। 






















