নিরাপত্তায় বিজিবিসহ পাঁচ স্তরের ব্যবস্থা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম ঈদ জামাত। এ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। বুধবার থেকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে ঈদের জামাত আদায় নিশ্চিত করতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থার সদস্য এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ প্রবেশপথে তল্লাশি চৌকি, পর্যবেক্ষণ টাওয়ার, মোবাইল টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে সিসিটিভি ক্যামেরা।
এবার শোলাকিয়ার ১৯৯তম ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলার মুসলিম ঐতিহ্যের এক অনন্য প্রতীক শোলাকিয়ার ঈদ জামাত। শতবর্ষেরও বেশি সময় ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও ঐক্যের এক মহামিলনমেলায় পরিণত হয়েছে এই আয়োজন।
প্রান্তিক প্রতিবেদন 
















