গাজীপুর প্রতিনিধি-দৈনিক প্রান্তিক।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি সরকারি পিস্তল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর বাসন থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পারভেজ মল্লিকের ব্যবহৃত সরকারি পিস্তলটি হারিয়ে যায়। ওই দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় উনিশে টাওয়ারের কাছে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছিল। আটকদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির একপর্যায়ে পিস্তলটি হারিয়ে যায় বলে সংশ্লিষ্ট পুলিশ সদস্য জানান।
পিস্তলটি হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তী সময়ে অস্ত্রটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেয় বাসন থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে বাসন থানাধীন বারবৈকা মুচিপাড়া এলাকায় টিএন্ডটি রোডের বিপরীতে একটি চারতলা ভবনের পশ্চিম পাশে পরিত্যক্ত খালি জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
অভিযানে এসআই মো. জহুরুল ইসলাম, এসআই মো. নাহিদ আল রেজা, এএসআই মো. সানিউল আলমসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।উদ্ধারের পর অস্ত্রটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
গাজীপুর প্রতিনিধি-দৈনিক প্রান্তিক। 














