গাজীপুরের কয়েকটি স্থানে ‘টর্চার সেল’ গড়ে ওঠার অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ অভিযোগ উত্থাপন করেন।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদক সংশ্লিষ্ট অপরাধ এবং মহাসড়কে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, জেলার অন্তত তিন থেকে চারটি স্থানে কথিত ‘টর্চার সেল’ পরিচালিত হচ্ছে বলে তিনি অভিযোগ পেয়েছেন। তিনি বলেন, “এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারা এসব টর্চার সেল পরিচালনা করছে, তা দ্রুত তদন্ত করে বের করতে হবে।” তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এসব অপকর্মের সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী, এমনকি সরকারদলীয় ব্যক্তিও জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি অপরাধ নিয়ন্ত্রণে একটি নির্ভুল ও হালনাগাদ অপরাধী তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তবে অপরাধী ধরার নামে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকেও সতর্ক থাকতে হবে।” চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করারও আহ্বান জানান তিনি।
সংসদ সদস্যের উত্থাপিত অভিযোগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, “অতীতে দেশে টর্চার সেলের মতো অবৈধ কার্যক্রমের অভিযোগ শোনা গেছে। বর্তমান ব্যবস্থায় এ ধরনের কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই।” তিনি বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।
সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
নিজস্ব প্রতিবেদক-দৈনিক প্রান্তিক। 




















