নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরীর সদর থানার পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড তাজা গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কাজিরচর এলাকার বাসিন্দা তানজিম আহমেদ সোহেল (৩০) এবং গাজীপুর সদর মেট্রো থানার নীলেরপাড়া এলাকার বাসিন্দা বাবু (৩০), তিনি তোফাজ্জল হোসেনের ছেলে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে গাজীপুর সদর মেট্রো থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি বিশেষ দল নগরীর পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্য যাচাই-বাছাই করে অস্ত্রের উৎস, সরবরাহকারী এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে আরও তদন্ত চালানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সদর মেট্রো থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, গাজীপুর মহানগরীতে অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিএমপির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর। 

















