চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে বরিশাল নগরে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার ভোররাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।
নিহত বাবু শিকদার (৩০) ওই এলাকার কালাম শিকদারের ছেলে এবং দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসা পলাশপুর এলাকার কথিত কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে ‘টোকাই মধু’র নেতৃত্বে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
নিহতের ভাই নাঈম হোসেন জানান, টোকাই মধু তার ভাইয়ের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ফজরের নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে অংশ নেয় ভাটিখানা এলাকার রেদওয়ান ওরফে ‘হাতকাটা রেদওয়ান’, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে ‘খাটো রুবেল’, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকতসহ আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলার সময় বাবু শিকদার প্রাণ বাঁচাতে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিৎ চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নেপথ্যে মাদক সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বরিশাল প্রতিনিধি 









