নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত ব্যবসায়ী লোকমান হোসেনকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, আহত লোকমান হোসেন মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।
পুলিশ জানায়, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ হাজার মার্কিন ডলার ছিল। হামলায় লোকমান হোসেনের হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লাগে। ঘটনাস্থলে থাকা পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিজস্ব প্রতিবেদক-প্রান্তিক 



















